Login Now

Login with email

Forgot Password

Tecno Camon 50 Ultra রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে সত্যিই কি এটি সেরা পারফরম্যান্সের স্মার্টফোন?

MobileMaya Team
Publish On: Mar 17,2026 02:20 PM
153

Tecno Camon 50 Ultra রিভিউ: মিড-রেঞ্জ বাজেটে সত্যিই কি এটি সেরা পারফরম্যান্সের স্মার্টফোন?

Our Rating
8
The overall rating is based on reviews by our experts
Display 8/10
Cameras 8/10
Battery 8/10
Processor 8/10
Storage 8/10
Good
  • 50MP সেলফি ক্যামেরা
  • 6500 mAh বড় ব্যাটারি
  • Curved AMOLED ডিসপ্লে
  • IP68/IP69K রেটিং
  • Dimensity 7400 Ultimate প্রসেসর
Bad
  • মেমোরি কার্ড স্লট নেই
  • স্ক্রিনে ব্রাইটনেস সাপোর্ট নেই

প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ লুক নিয়ে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে Tecno Camon 50 Ultra স্মার্টফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর, যার ফলে ভারী গেম বা দৈনন্দিন কাজ–সবকিছুই স্মুথভাবে করা যায়। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যাটারি।

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা গেমিং ও ভিডিও দেখার সময় স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি রয়েছে সহজে ব্যবহারযোগ্য HIOS 16 ইন্টারফেস। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের পারফরম্যান্স এবং দাম সম্পর্কে বিস্তারিত।

Tecno Camon 50 Ultra ফোনের শক্তিশালী ফিচারসমূহ

  • প্রসেসর: MediaTek Dimensity 7400 Ultimate (4nm) চিপসেট।
  • ডিসপ্লে: 6.78 ইঞ্চির Curved AMOLED স্ক্রিন এবং 144Hz রিফ্রেশ রেট।
  • ব্যাটারি ও চার্জার: 6,500 mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং।
  • ক্যামেরা: 50MP+50+8MP ট্রিপুল রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।
  • বিল্ড: ধুলোবালি ও পানি প্রতিরোধী শক্তিশালী IP68/IP69K রেটিং। 

বাক্সে যা থাকছে

Tecno Camon 50 Ultra স্মার্টফোনের বাক্স খুললে ভেতরে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো হলো:

  • Tecno Camon 50 Ultra স্মার্টফোন
  • 45W ফাস্ট চার্জার
  • USB টাইপ-সি ক্যাবল
  • প্রোটেক্টিভ ব্যাক কভার
  • সিম ইজেক্টর টুল
  • ইউজার ম্যানুয়াল

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে বাক্সের মধ্যে Tecno সবকিছু সুন্দরভাবে সাজিয়েছে। বাক্সে আপনি পাবেন Tecno Camon 50 Ultra ফোন, 45W ফাস্ট চার্জার, USB টাইপ-সি ক্যাবল, ইউজার ম্যানুয়াল এবং একটি প্রোটেক্টিভ ব্যাক কভার। এই কভারের মাধ্যমে ফোনটি প্রথম দিন থেকেই সুরক্ষিত থাকবে, ফলে ব্যবহারকারীরা আরামদায়ক এবং নিরাপদভাবে নতুন ফোনটি ব্যবহার করতে পারবেন।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Tecno Camon 50 Ultra স্মার্টফোনটি দেখতে অত্যন্ত প্রিমিয়াম ও আকর্ষণীয়। ফোনের পিছনের প্যানেলটি গ্লাস দিয়ে তৈরি এবং এতে মসৃণ বা ম্যাট ফিনিশ রয়েছে, তাই দীর্ঘ সময় ফোন হাতে নিয়ে থাকলেও আঙুলের ছাপ কম পড়ে এবং ফোনটি সবসময় পরিষ্কার দেখায়। ফোনটির বডিতে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা ফোনকে হালকা ও টেকসই করে তোলে এবং হাতে ধরলে স্থিতিশীল ও আরামদায়ক অনুভূতি দেয়।

ফোনের উচ্চতা 162.37 mm এবং প্রস্থ 76.97 mm। ফোনের বডি 7.75 mm স্লিম এবং ওজন মাত্র 178 হলেও, এতে পর্যাপ্ত পরিমান ভারসাম্য রাখা হয়েছে। ফোনের চারপাশের কোণগুলো বাঁকা এবং মসৃণ, যা হাতে ধরে ব্যবহার করতে আরামদায়ক লাগে এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও ফোনটি ভারী মনে হয় না। স্ক্রিনের চারপাশের বেজেল খুবই পাতলা, তাই পুরো ডিসপ্লে ব্যবহার করা যায়। এর ফলে ভিডিও দেখা, ছবি দেখা বা গেম খেলা আরও সুবিধাজনক হয়।


ফোনের সামনে রয়েছে একটি মজবুত স্ক্র্যাচ প্রতিরোধী Corning Gorilla Glass Victus 2 স্ক্রিন প্রটেকশন। এটি দৈনন্দিন ব্যবহারের সময় স্ক্র্যাচ, পড়ে যাওয়া বা অন্যান্য ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে। আর ফোনের পিছনের ক্যামেরা মডিউল উপরের বাম কোণে রাখা হয়েছে, যা ফোনের ডিজাইনকে চমৎকার, স্টাইলিশ ও আধুনিক দেখায়। 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে এবং ২ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা প্রদান করে। এছাড়াও এটি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম পানির স্প্রেও সহ্য করতে পারে।

সব মিলিয়ে, Tecno Camon 50 Ultra ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি মিড-রেঞ্জ বাজেটের মধ্যে বেশ উন্নত। এটি ব্যবহারকারীদের চোখে আকর্ষণীয় দেখায় এবং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করে। যারা বাইরে বেশি সময় ব্যয় করেন বা ফোনের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।

ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি Curved AMOLED ডিসপ্লে, যা মসৃণ এবং আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। খুবই পাতলা বেজেল দিয়ে ফোনের ডিসপ্লে তৈরি, তাই স্ক্রিনটি দেখতে অনেক বড় মনে হয়। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 89.4%, ফলে ভিডিও দেখা, গেম খেলা ও স্ক্রলিং–সবকিছুই আরও বেশি আকর্ষণীয় লাগে।

ফোনের স্ক্রিনের রেজোলিউশন 1208×2644 পিক্সেল, যা ছবি ও ভিডিও-এর প্রতিটি ডিটেলস স্পষ্টভাবে প্রদর্শন করে এবং গেম খেলার সময় স্ক্রিনের রঙ উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। বড় স্ক্রিনের কারণে চোখে আরামদায়ক লাগে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ পড়ে না। উচ্চ রেজোলিউশনের ফলে ভিডিও, ছবি ও গেম খেলার অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত ও আনন্দদায়ক হয়।


ফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রল করা, গেম খেলা এবং অ্যানিমেশন আরও মসৃণ, স্পষ্ট ও দ্রুত হয়। মিড-রেঞ্জ বাজেটের ফোনের জন্য এটি একটি অত্যন্ত প্রশংসনীয় সুবিধা। পাশাপাশি ফোনের স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass Victus 2 প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় স্ক্র্যাচ, পড়ে যাওয়া বা অন্যান্য ক্ষতি থেকে ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।

ক্যামেরা

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে ট্রিপুল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। সেটআপের প্রথম ক্যামেরা f/1.8 অ্যাপারচারের 50MP Sony LYTIA 700C প্রাইমারি, যেখানে LED ফ্ল্যাশ, HDR এবং OIS ফিচার সাপোর্ট করে। এই ক্যামেরার লেন্সে বেশি আলো প্রবেশ করতে পারে, তাই কম আলোর পরিবেশেও ভালো ছবি তোলা যায় এবং হাত নড়াচড়া করে ভিডিও রেকর্ড করলেও তা পরিষ্কার ও মসৃণভাবে ধারণ হয়।

দ্বিতীয় ক্যামেরা 3x অপটিক্যাল জুম সমর্থিত f/2.4 অ্যাপারচারের 50MP টেলিফোটো। এর মাধ্যমে দূরের বস্তুর ছবি বড় এবং পরিষ্কারভাবে তোলা যায়। তৃতীয় ক্যামেরা 8MP আল্ট্রা ওয়াইড, যা ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার জন্য উপযুক্ত। এই কামেরাতে বেশ কিছু AI ফিচার যুক্ত আছে, যেমন AI Video Enhancement, AI Noise Reduction, AI Portrait Enhancement, AI HDR / AI Color Enhancement এবং AI Beauty Mode। এই ফিচারগুলো ভিডিও এবং ছবির মান আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলে।


ফোনের রেয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভিডিও করলে ছবিগুলো স্পষ্ট, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়। দূরের বস্তুও ভালোভাবে দেখা যায় এবং রঙ প্রাকৃতিক থাকে। রাতে বা কম আলোতে OIS এবং AI‑ভিত্তিক ফিচারের কারণে ভিডিওতে ঝাপসা কম হয় এবং ডিটেইল ঠিক থাকে। এই ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, ফলে ভিডিও দেখতে অনেক সুন্দর ও প্রফেশনাল মনে হয়।

ফোনের সামনে রয়েছে f/2.4 অ্যাপারচারের 50MP ফ্রন্ট ক্যামেরা। দিনে স্বাভাবিক আলোতে এই ক্যামেরার মাধ্যমে সুন্দর ও ডিটেইলসমৃদ্ধ সেলফি তোলা যায়। রাতে ভালো আলোর পরিবেশে ছবি তুললেও রঙ প্রাকৃতিক থাকে, মুখের ডিটেইল ভালো থাকে এবং ছবি সুন্দরভাবে ওঠে। তবে খুব কম আলোতে কিছুটা ঝাপসাভাব দেখা দিতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K@30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়, যা ভ্লগিং ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য উপযুক্ত।

সফটওয়্যার এবং পারফরম্যান্স

Tecno Camon 50 Ultra স্মার্টফোনটি HIOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে। HIOS 16 ফোনের ইন্টারফেসকে মসৃণ এবং ব্যবহারবান্ধব করে তোলে। এতে স্মার্ট জেসচার, কাস্টমাইজেশন এবং ব্যাটারি অপটিমাইজেশন সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের অ্যাপস সহজে নেভিগেট করতে এবং একসাথে একাধিক কাজ করতে সাহায্য করে। পাশাপাশি Android 16 ফোনের নিরাপত্তা নিশ্চিত করে এবং ডেটা সুরক্ষিত রাখে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7400 Ultimate প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.6 GHz পর্যন্ত। সাথে রয়েছে Mali-G615 MC2 GPU এবং 8GB ও 12GB র‍্যাম, ফলে ভারী গেম খেলা এবং দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা ও ওয়েব সার্ফিং-এর সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে, তবে কিছু গ্রাফিক্যালি ইনটেনসিভ গেম খেলার সময় লোডিং টাইম নিতে পারে বা ফোন গরম হতে পারে।


ফোনটিতে TECNO AI ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর ধরন অনুযায়ী ফোনের পারফরম্যান্স অপটিমাইজ করে, ছবি ও ভিডিও-এর মান উন্নত করে এবং ব্যাটারি দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য থাকে। পাশাপাশি যুক্ত আছে AI Gaming Engine ফিচার। এটি গেম খেলার অভিজ্ঞতা উন্নত করে, ফোন দ্রুত ও ঠান্ডা রাখে এবং দীর্ঘ সময় গেম খেললেও পারফরম্যান্স স্থায়ী থাকে।

সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, USB চার্জিং, Bluetooth 5.0 এবং NFC সাপোর্ট করে। সব মিলিয়ে বলা যায়, Tecno Camon 50 Ultra ফোনের সফটওয়্যার ও পারফরম্যান্স মিড‑রেঞ্জ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ভালো।

ব্যাটারি লাইফ এবং চার্জিং

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা ফোনকে দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। সাধারণ কাজ যেমন কল করা, মেসেজ পাঠানো, ওয়েব ব্রাউজ বা সোশ্যাল মিডিয়ায় অ্যাপ ব্যবহার করলে ব্যাটারি সহজেই প্রায় ২ দিনের মতো টিকে থাকতে পারে। তবে যারা দীর্ঘ সময় ভারী গেম খেলেন বা হাই-গ্রাফিক্স কাজ করেন, তাদের কাছে এই ব্যাটারি কিছুটা অসুবিধাজনক মনে হতে পারে।


দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং রয়েছে। ফোনে USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। সব মিলিয়ে, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা দেয়। ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা কমে এবং দৈনন্দিন কাজে ফোনটি আরও নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব হয়ে ওঠে।

মূল্য

শক্তিশালী ফিচার নিয়ে Tecno Camon 50 Ultra স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি  ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৪২,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Moonshadow Black, Cypress Green এবং Nebula Titanium। ফোনটি কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা শোরুমে পাওয়া যাচ্ছে।

Tecno Camon 50 Ultra মিড-রেঞ্জে কেনা উচিত হবে কি? 

Tecno Camon 50 Ultra স্মার্টফোনে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্স দেয়। ফোনের Curved AMOLED ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। রেয়ার ক্যামেরা OIS সমর্থিত 50MP Sony LYTIA 700C প্রাইমারি, 3x অপটিক্যাল জুম সমর্থিত 50MP টেলিফোটো এবং 8MP আল্ট্রা ওয়াইড চমৎকার ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণ করতে পারে। এছাড়া আইপি IP68/IP69K রেটিং দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব নিশ্চিত করে। সব মিলিয়ে, যারা মিড-রেঞ্জ বাজেটে ভালো ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরম্যান্স চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Discussions