দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইউটিউব নিয়ে এসেছে এক বড় সুখবর। বিশ্বজুড়ে সব সাধারণ ব্যবহারকারীর জন্য ‘পিকচার-ইন-পিকচার’ (PiP) ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল মালিকানাধীন এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ইউটিউবে ভিডিও চালু রেখেই মোবাইলে অন্য কাজ করা সম্ভব হবে।
পিকচার-ইন-পিকচার (PiP) কী?
পিকচার-ইন-পিকচার (PiP) হলো এমন একটি ফিচার, যার মাধ্যমে অ্যাপটি মিনিমাইজ বা অন্য অ্যাপে গেলেও ভিডিও বন্ধ হয় না। ভিডিওটি ফোনের স্ক্রিনের এক কোণে ছোট একটি উইন্ডোতে চলতে থাকে। এর ফলে ব্যবহারকারী একই সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। অর্থাৎ, ভিডিও দেখা এবং অন্য কাজ একসঙ্গে করা সম্ভব হয়।
কোনো সাবস্ক্রিপশন ছাড়াই পাওয়া যাবে সুবিধা
আগে এই বিশেষ সুবিধাটি ব্যবহার করতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতো, যার জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিতে হতো। এখন থেকে আর কোনো টাকা লাগবে না। এতদিন শুধু যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীই এই সুবিধা বিনামূল্যে ব্যবহার করতে পারতেন। তবে নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমান সময়ে বিশ্বের যেকোনো দেশের সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এর জন্য আলাদা করে কোনো খরচ করতে হবে না।
যেখানে পার্থক্য থাকবে
বিনামূল্যে PiP (পিকচার-ইন-পিকচার) সুবিধা পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে প্রিমিয়াম ব্যবহারকারীদের সঙ্গে পার্থক্য থাকবে। ফ্রি ব্যবহারকারীরা ভিডিও চলার সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। এছাড়া স্ক্রিন বন্ধ করে ভিডিও চালানো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধাও তারা পাবেন না। অন্যদিকে, বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা এবং স্ক্রিন বন্ধ রেখেও অডিও শোনার সুবিধা পেতে হলে আগের মতোই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
কবে থেকে পাওয়া যাবে?
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই ফিচারটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের সব দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ইউটিউব অ্যাপে এই নতুন ফিচারটি পেয়ে যাবেন।
আসছে এআই সার্চ ফিচার ‘আস্ক ইউটিউব’
PiP ফিচারের পাশাপাশি ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়েও কাজ করছে। জানা গেছে, ‘আস্ক ইউটিউব’ (Ask YouTube) নামে একটি এআই-ভিত্তিক সার্চ ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে। এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে (Beta Testing) আছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও–র ভেতর থেকে নির্দিষ্ট তথ্য আরও দ্রুত ও সহজে খুঁজে পেতে পারবেন।
সোর্স: গুগল