যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য তাঁদের অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে প্রতি ব্যবহারকারীকে সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেবে গুগল। এজন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১৩ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠন করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অজান্তে মোবাইল ডেটা ব্যবহার করে তথ্য আদান-প্রদানের অভিযোগে দায়ের করা একটি মামলা সমাধানের অংশ হিসেবেই এই ক্ষতিপূরণ প্রদান করা হবে।
ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ১২ নভেম্বর থেকে গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস থেকে তথাকথিত ‘প্যাসিভ ডেটা ট্রান্সফার’ পরিচালনা করে আসছে। এমনকি ফোন ব্যবহার না করলেও ব্যবহারকারীদের মোবাইল ডেটা ও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য আদান-প্রদান করেছে।
গুগলের এ কার্যক্রম ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার নীতির পরিপন্থী এবং সম্মতির মৌলিক বিধি লঙ্ঘন করেছে। এতে অনেক ব্যবহারকারী ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহারের সুবিধা বন্ধ রাখলেও বাস্তবে তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি। আদালতে বিষয়টিকে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলাটি মীমাংসার লক্ষ্যে গঠিত এই তহবিল থেকে যুক্তরাষ্ট্রের ১০ কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এই মীমাংসার আওতায় পড়ছেন না। তাঁদের ক্ষেত্রে একই ধরনের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ইতোমধ্যে ৩১ কোটি ৪০ লাখ ডলারের আলাদা চুক্তি সম্পন্ন হয়েছে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টে সংযুক্ত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে। একজন ব্যবহারকারী এই উদ্যোগের আওতায় সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে মোট অর্থের পরিমাণ নির্ভর করবে ক্ষতিপূরণের যোগ্য ব্যক্তিদের সংখ্যার ওপর। যারা পেমেন্ট পদ্ধতি পরিবর্তন বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আপডেট করতে চান, তাঁদের জন্য অনলাইনে একটি ফরম চালু করা হবে।
সোর্স: বিজিআর