ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) তাদের নতুন মেসেজিং অ্যাপ XChat চালু করেছে। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রোজ শুক্রবার থেকে এটি প্রথমে iOS ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এক্সের কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন, পাশাপাশি ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও পাবেন।
এভরিথিং অ্যাপ থেকে আলাদা পথে এক্স
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছে, এই অ্যাপটি এক্স-এর বড় পরিকল্পনার একটি অংশ। Elon Musk আগে বলেছিলেন, X-কে একটি “এভরিথিং অ্যাপ” বানানো হবে, যেখানে সব ধরনের সেবা এক জায়গায় থাকবে। কিন্তু XChat আলাদা অ্যাপ হিসেবে আসায় বোঝা যাচ্ছে, পরিকল্পনাটা একটু ভিন্ন দিকে যাচ্ছে। এখন প্রতিষ্ঠানটি শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে মেসেজিং ও পেমেন্টের মতো সেবা আলাদা অ্যাপের মাধ্যমে বাড়াতে চাইছে।
নিরাপত্তা ও বিশেষ ফিচারসমূহ
এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও পিন প্রোটেকশন যুক্ত করা হয়েছে, যাতে চ্যাট আরও সুরক্ষিত থাকে। ব্যবহারকারীরা চাইলে পাঠানো বার্তা পরে এডিট বা ডিলিট করতে পারবেন। এছাড়া নিরাপত্তার জন্য স্ক্রিনশট ব্লক করার সুবিধা আছে এবং নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাওয়ার জন্য “ডিসঅ্যাপিয়ারিং মেসেজ” অপশনও রাখা হয়েছে। X দাবি করেছে, এই অ্যাপটি সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত এবং এতে কোনো ধরনের ট্র্যাকিং সিস্টেম নেই।
বিশেষজ্ঞদের উদ্বেগ ও নতুন প্রতিযোগিতা
নিরাপত্তা নিয়ে X অনেক জোর দিয়ে কথা বললেও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা সন্দেহ আছে। অনেকের মতে, এটি এখনো জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ Signal-এর তুলনায় পিছিয়ে থাকতে পারে।
তবে নতুন আপডেটে সিকিউরিটি কতটা ভালো হয়েছে, তা সময়ের সাথে ব্যবহার ও মূল্যায়নের মাধ্যমেই বোঝা যাবে। তারপরও বোঝা যাচ্ছে, মেসেজিং সেবায় নতুন করে শক্ত প্রতিযোগিতা গড়তে এক্স বেশ গুরুত্ব দিচ্ছে।
কমিউনিটি ফিচারের অবসান ও রূপান্তর
এদিকে X তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবহারকারী কমে যাওয়া, স্প্যাম বা অপ্রয়োজনীয় বার্তা বেড়ে যাওয়া এবং কমিউনিটির ব্যবহারকারীদের নতুন XChat-এ নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নতুন অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়ে। এক্স জানিয়েছে, এটি কেবল শুরু—ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য আরও নতুন ও উন্নত ফিচার যোগ করা হবে।
সোর্স: এখানে ক্লিক করুন